বান্ধবীর বাড়িতে চুরি দুবাই পালানোর আগে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার যুবক
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- বান্ধবীর বাড়ি ফাঁকা পেয়ে সর্বস্ব চুরি করে দুবাই পালানোর ছক কষেছিল যুবক। কিন্তু শেষরক্ষা হল না। কলকাতা বিমানবন্দর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। উদ্ধার হয়েছে নগদ টাকা, ডলার ও সোনার অলংকার মিলিয়ে সাড়ে তিন লক্ষ টাকার সামগ্রী। ঘটনায় শোরগোল পড়েছে কাঁকসা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৩ তারিখ কাঁকসার বামুনাড়া এলাকার এক মহিলার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। ঘটনার পর মলানদিঘী ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়। মলানদিঘী ফাঁড়ির ইনচার্জ রাজেশ ভট্টাচার্যের নেতৃত্বে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে উঠে আসে ঝাড়খণ্ডের ঝরিয়া এলাকার বাসিন্দা গোপী মোদির নাম। তদন্তে জানা যায়, গোপী ওই মহিলার পরিচিত ছিল। মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে, দুবাই পালানোর জন্য কলকাতা বিমানবন্দরে পৌঁছেছে অভিযুক্ত। সঙ্গে সঙ্গে এএসআই শেখ আলী সুরের নেতৃত্বে একটি দল বিমানবন্দরে হানা দেয়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় গোপী মোদিকে। গ্রেপ্তারের পর ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেয় মলানদিঘী ফাঁড়ির পুলিশ। জেরায় উঠে আসে চুরি যাওয়া সামগ্রীর হদিস। উদ্ধার হয়েছে নগদ টাকা, বিদেশি ডলার ও সোনার অলংকার। সব মিলিয়ে যার বাজারমূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। বুধবার ধৃতকে পুনরায় দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, গোটা চক্রে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
Click Here to Visit
What's Your Reaction?