দুর্গাপুরে বিজেপির নবনির্বাচিত দুই বিধায়ককে সংবর্ধনা দিল লায়ন্স ক্লাব, মাছ-ভাতে মাতল উৎসব
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর,( ৩১শে মে ২০২৬):- লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরের উদ্যোগে রবিবার সংবর্ধিত হলেন বিজেপির দুই নবনির্বাচিত বিধায়ক। শহরের ক্লাব সভাকক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জীকে উত্তরীয়, স্মারক ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরের সভাপতি রাকেশ ভট্টড়। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক সুমের চন্দ্র শর্মা, প্রাক্তন সভাপতি সুশোভন ব্যানার্জী, লায়ন্স আই হসপিটালের চেয়ারম্যান চন্দন দে। রাজনৈতিক মহল থেকে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত, মণ্ডল সভাপতি তেজ নারায়ণ পাণ্ডে, সঞ্জিৎ সিকদার, প্রেমনাথ মুখার্জী, অবধেশ কিশোর মিশ্র, দেবনাথ স্বর্ণকার, রাম অবতার আগরওয়াল, পার্থ সারথি দাসগুপ্ত, প্রবীর ব্যানার্জী, সৈকত আইচ, আফতাব হুসেন-সহ অন্যান্য নেতা ও সমাজসেবীরা।সংবর্ধনা পেয়ে আপ্লুত দুই বিধায়কই লায়ন্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই বলেন , “দুর্গাপুরের উন্নয়নে লায়ন্স ক্লাবের মতো সামাজিক সংগঠনের ভূমিকা অপরিসীম। আগামী দিনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।” এছাড়াও বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জী জানান, “স্বাস্থ্য, শিক্ষা ও স্বচ্ছতার ক্ষেত্রে লায়ন্স ক্লাবের উদ্যোগকে সবরকম সহযোগিতা করা হবে।”অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নতুন সরকার গঠনের খুশিতে আয়োজিত প্রীতিভোজ। উপস্থিত সকলকে মাছ-ভাত পরিবেশন করা হয়। লায়ন্স ক্লাব সভাপতি রাকেশ ভট্টড় জানান, “জনপ্রতিনিধিদের সঙ্গে সুসম্পর্ক ও সমন্বয় রেখেই আমরা দুর্গাপুরের মানুষের জন্য কাজ করে যেতে চাই। এই সংবর্ধনা তারই প্রথম ধাপ।”
What's Your Reaction?