নিউ টাউনশিপ থানার সাফল্য উদ্ধার ১৫টি চুরি যাওয়া মোবাইল ও ৪ লক্ষ টাকার সাইবার প্রতারণার অর্থ মালিকদের হাতে ফিরল মালপত্র
গীতা অধিকারী, দুর্গাপুর
দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ ফের একবার প্রমাণ করল, আইনের প্রতি বিশ্বাস হারানো ঠিক নয়। একবছর আগে কিংবা ছয় মাস আগে চুরি যাওয়া মোবাইল হোক অথবা সাইবার প্রতারণার মাধ্যমে হারিয়ে যাওয়া লক্ষ লক্ষ টাকা—সবই উদ্ধার করে বৃহস্পতিবার মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ। পুলিশের এই সাফল্যে খুশি এলাকাবাসী থেকে শুরু করে অভিযোগকারীরা।

নিউ টাউনশিপ থানা এলাকায় বিগত কয়েক মাসে একাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ জমা পড়েছিল। পাশাপাশি, কিছু মানুষ সাইবার প্রতারণার শিকার হয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন। কেউ মোবাইল ফোনের তথ্য চুরি করে প্রতারণার ফাঁদে পড়েছেন, আবার কেউ চেক দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা খুইয়েছেন। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে নিউ টাউনশিপ থানার পুলিশ।
দীর্ঘ অনুসন্ধানের পর জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৫টি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পাশাপাশি, প্রায় ৪ লক্ষ টাকার সাইবার প্রতারণায় হারানো অর্থও উদ্ধার হয়। এই উদ্ধার প্রক্রিয়াকে ঘিরে বৃহস্পতিবার দুপুরে থানার পক্ষ থেকে আয়োজন করা হয় একটি 'ফিরে পাওয়ার অনুষ্ঠান'।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর সুবীর রায়, সিআইএ রণবীর বাগ এবং নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা। সাংবাদিক বৈঠকে এসিপি সুবীর রায় বলেন, “চেষ্টা করলে সম্ভব—এই ঘটনা তারই প্রমাণ। আমরা ১৫টি মোবাইল ও ৪ লক্ষ টাকারও বেশি অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিতে পেরেছি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সবসময়ই মানুষের পাশে রয়েছে।”

তিনি আরও জানান, “সাইবার প্রতারণার শিকার এক ব্যক্তির মোবাইল থেকে তথ্য চুরি করে প্রতারণা করা হয়েছিল। আবার এক ব্যক্তিকে চেক দেওয়ার নাম করে প্রতারণা করা হয়। এমন আরও নানা ধরনের প্রতারণার ঘটনা ঘটেছিল। আমরা চেষ্টা করে সেই অর্থ উদ্ধার করেছি এবং আজ তা তাদের হাতে ফিরিয়ে দিতে পেরে খুশি।”
পুলিশ সূত্রে খবর, এই ধরনের অভিযান আগামীতেও চলবে এবং মানুষ যাতে প্রতারণার শিকার না হন, সেজন্য সচেতনতা বাড়ানোর কাজও চলবে। পুলিশের এমন মানবিক ও কার্যকর ভূমিকা নিঃসন্দেহে সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিল।
Click Here to Visit
What's Your Reaction?