জামগড়ায় বাঁশঝোপের গাছে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার

জামগড়ায় বাঁশঝোপের গাছে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- দুর্গাপুর ফরিদপুর ব্লকের জামগড়া গ্রামের অদূরে বাঁশঝোপের সামনে একটি গাছ থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার সকালে স্থানীয়রা দেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক সুকুমার বাগদি অন্ডাল থানার অন্তর্গত দক্ষিণ খণ্ড গ্রামের বাসিন্দা। যুবতী বিউটি বাগদি জামগড়া গ্রামেরই মেয়ে। যুবকের মামার বাড়ি জামগড়ায়। সেখানেই এসে জামগড়ার বিউটির সঙ্গে সুকুমারের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের আগেই বিবাহ হয়েছে এবং তাঁর স্ত্রী রয়েছেন। অন্যদিকে, মৃতা বিউটির বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল। কয়েকদিন পরই বীরভূমের দুবরাজপুরের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ের কথা ছিল।স্থানীয় বাসিন্দা তথা মৃতার আত্মীয় বিধান বাগদি বলেন, “বিউটির বিয়ে ঠিক হয়েছিল দুবরাজপুরে। আর কয়েকদিন পরই বিয়ে হওয়ার কথা ছিল। এর মধ্যেই এমন ঘটনা ঘটল।”প্রেম ভালোবাসায় পরিণতি না পাওয়ার কারণেই তাঁরা একই দড়িতে গাছে ঝুলে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান। জামগড়া গ্রামের অদূরে বাসঢোপের সামনে গাছ থেকে আজ সকালে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান গ্রামের মানুষজন। পরে লাউদোহা ফরিদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আত্মহত্যার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিয়ের ঠিক আগে এমন মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছে মৃতা বিউটির পরিবার ও আত্মীয়স্বজনরা। গোটা জামগড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

 [আত্মহত্যা একটি জটিল মানসিক সমস্যা। কেউ যদি মানসিক অবসাদে ভোগেন, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন বা কিরণ হেল্পলাইন 14416 / 1800-599-0019 নম্বরে যোগাযোগ করুন। ]

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0