স্টীল মার্কেট থেকে ভিড়িঙ্গি—জনসমুদ্রে ভাসল দুর্গাপুর, মমতার পদযাত্রায় শক্তি দেখাল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা, (১৮ এপ্রিল ২০২৬):-
বিধানসভা ভোটের মুখে দুর্গাপুরে নজিরবিহীন শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার দুপুরে তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাকে ঘিরে শিল্পশহর কার্যত জনসমুদ্রে পরিণত হয়। দুর্গাপুরের বেনাচিতি স্টীল মার্কেট পাঁচমাথা মোড় থেকে ভিড়িঙ্গি টি এন স্কুল পর্যন্ত প্রায় ১.৯ কিমি রাস্তা জুড়ে ছিল শুধু মানুষ আর মানুষ। এদিন সকাল থেকেই দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে স্টীল মার্কেটের দিকে মানুষের ঢল নামে। বেলা বাড়তেই সেই ভিড় বিস্তীর্ণ জনস্রোতের রূপ নেয়।
কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি আর একটানা ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে, বরণডালা সাজিয়ে ‘দিদি’কে স্বাগত জানান সাধারণ মানুষ। মমতার এই পদযাত্রার ঠিক পাশেই ছিলেন দুর্গাপুর পূর্বের প্রার্থী প্রদীপ মজুমদার, পশ্চিমের প্রার্থী কবি দত্ত এবং পাণ্ডবেশ্বরের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিন প্রার্থীকে নিয়ে দলনেত্রীর এই সম্মিলিত পদযাত্রা বুথস্তরের কর্মীদের চাঙ্গা করেছে বলে দাবি তৃণমূলের। আর নিরাপত্তার স্বার্থে গোটা যাত্রাপথ সিসিটিভি ও ড্রোনে নজরদারি করা হয়। মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। তবে বিপুল জনসমাগমের কারণে বারবার চাপে পড়তে হয় নিরাপত্তারক্ষীদের।নীল-সাদা শাড়িতে পরিচিত ছন্দে হাঁটা মমতাকে ঘিরে আবেগ আর রাজনৈতিক বার্তা একসঙ্গে মিশে যায়। বিশ্লেষকদের মতে, ভোটের আগে শিল্পাঞ্চলের বুকে এই জনসমর্থন তৃণমূলের সংগঠনিক দৃঢ়তা ও জনভিত্তির স্পষ্ট ইঙ্গিত। রাজনৈতিক মিছিলের গণ্ডি ছাড়িয়ে এদিনের কর্মসূচি কার্যত গণউৎসবের চেহারা নেয়। তবে দুর্গাপুর শিল্পাঞ্চল বরাবরই হাইভোল্টেজ কেন্দ্র। আর এখানে শক্তি প্রদর্শনের মাধ্যমে ভোটের আগে মনস্তাত্ত্বিক অ্যাডভান্টেজ নিতে চাইছে ঘাসফুল শিবির। দলনেত্রীর উপস্থিতিতে তিন বিধানসভার প্রার্থীকে একসঙ্গে রাস্তায় নামানো সংগঠনের ঐক্যের বার্তাও দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।
Click Here to Visit
What's Your Reaction?