বিধান নগরে হনুমান জয়ন্তী উপলক্ষে আয়োজনের ধুম কলস যাত্রা ও প্রসাদ বিতরণে জনজোয়ার
নীরজ মোদী, দুর্গাপুর
দুর্গাপুরের বিধান নগর মহকুমা হাসপাতালের প্রধান গেট চত্বর শনিবার সকাল থেকেই এক অন্যরকম ধর্মীয় পরিবেশে পরিণত হয়। হনুমান জয়ন্তী উপলক্ষে 'বিধান নগর ডাক বোম সেবা সমিতি'র পক্ষ থেকে আয়োজিত হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। সকাল থেকেই শত শত মহিলা হাতে কলস নিয়ে অংশ নেন শুভ ‘কলস যাত্রা’য়। ধর্মীয় ভক্তি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
কলস যাত্রার পরই শুরু হয় পূজা অর্চনা ও ভজন-সংকীর্তনের পর্ব। স্থানীয় মানুষজনের পাশাপাশি বহু ধর্মপ্রাণ ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত হন। পূজার মন্ত্রোচ্চারণ আর ভজন-সংকীর্তনের ধ্বনিতে এক স্বর্গীয় আবহ তৈরি হয় গোটা বিধান নগর অঞ্চলে।

বিধান নগর ডাক বোম সেবা সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার হনুমান জয়ন্তীর মূল দিনে আরও বৃহৎ আকারে আয়োজন করা হয়েছে একাধিক সামাজিক ও ধর্মীয় কর্মসূচির। ওইদিন বিধান নগর মহকুমা হাসপাতাল ও ইএসআই হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করা হবে। মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে সমিতির সদস্যরা জানান।
এছাড়াও রবিবার সন্ধ্যায় বিধান নগরের একাধিক স্থানে কয়েক হাজার মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। এলাকার মানুষজন এই আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখাচ্ছেন।
বিধান নগর ডাক বোম সেবা সমিতির এমন উদ্যোগ ধর্মীয় ভাবাবেগের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের দৃষ্টান্ত হিসেবেও প্রশংসিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ধরনের আয়োজন শুধু ধর্ম নয়, সমাজকেও একসূত্রে গাঁথে।
এভাবেই বিধান নগরে এই বছর হনুমান জয়ন্তী উদযাপন হয়ে উঠেছে এক ধর্মীয় উৎসবের পাশাপাশি সামাজিক সম্প্রীতির মেলবন্ধনের এক অনন্য নিদর্শন।
Click Here to Visit
What's Your Reaction?